পিআর আমি নিজেই বুঝি না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “পিআর আমি নিজেই বুঝি না। দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না।” তিনি অভিযোগ করে বলেন, গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না—এমন দাবি তুলে কেউ কেউ নির্বাচন প্রক্রিয়া ভণ্ডুল করতে চাইছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “পিআর নিয়ে তর্ক-বিতর্ক সংসদে গিয়ে হবে। যেসব বিষয়ে দলগুলো একমত, তা জুলাই সনদে অন্তর্ভুক্ত হবে। বাকি বিষয়গুলো নিয়ে গণভোট হতে পারে। দয়া করে নির্বাচনটা হতে দিন, অস্থিরতা কমান। আমরা হিংসা চাই না, হিন্দু-মুসলিম বিভেদও চাই না—সবাই মিলে শান্তিতে থাকতে চাই।
তিনি আরও বলেন, “আমরা অতীতে সরকারে ছিলাম, তাই জানি রাষ্ট্র কীভাবে পরিচালিত হয়। বিএনপি ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, স্বাস্থ্য ও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে, কৃষকদের প্রাধান্য দেওয়া হবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমরা বিভাজন চাই না। জনগণ যাকে ভোট দেবে, তিনিই নির্বাচিত হবেন। ভাগাভাগি করে দেশকে ক্ষতিগ্রস্ত করবেন না। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই—সৌহার্দ্য, ভ্রাতৃত্ব আর ঐক্যের মধ্যে থাকতে চাই।
সভায় বিএনপির জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




No comments