প্রতি আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগির প্রতিটি আসনে একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে। তবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তফসিল ঘোষণার পর।
শুক্রবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এ সময় সালাহউদ্দিন বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী আছেন, কিছু আসনে প্রার্থীসংখ্যা ১০-১২ জন পর্যন্ত। নিয়মতান্ত্রিকভাবে বাছাই প্রক্রিয়া এগোচ্ছে। পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে।
আরো পড়ুন : ১০০ আসন ছেড়ে দিবে জামায়াত : গোলাম পরওয়ার
রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, “গণতন্ত্র রক্ষায় মতপার্থক্য থাকলেও সব ফ্যাসিবাদবিরোধী দলকে একসঙ্গে থাকতে হবে।”
আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, দলটি গণহত্যার পরও অনুশোচনা প্রকাশ করেনি, বরং বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। সরকারের উচিত তাদের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা।
প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে সালাহউদ্দিন জানান, সরকারের মেয়াদ পাঁচ বছর চাই—এমন কথা বলার প্রয়োজন ছিল না। তার মতে, জনগণের ভোটে সংসদ সদস্যদের নির্বাচনেই গণতন্ত্র রক্ষা সম্ভব। কোনো অসাংবিধানিক পদক্ষেপ গ্রহণ করলে দেশ নতুন সংকটে পড়বে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেওয়া ও জাতীয় ঐক্য বজায় রাখা।


No comments