১০০ আসন ছেড়ে দিবে জামায়াত : গোলাম পরওয়ার

 

১০০ আসন ছেড়ে দিবে জামায়াত  গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত পূর্ণ প্রস্তুতি নিয়েছে। ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া হলেও বাস্তবে সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়। প্রয়োজনীয় সমঝোতার ফলে অন্তত ১০০ আসন ছেড়ে দিতে হতে পারে, তবে দুই শতাধিক আসনে জামায়াত নির্বাচনে অংশ নেবে বলে জানান তিনি।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে খুলনার সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত সদস্য পুনর্মিলনী (১৯৭৭-২০২৫) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “দ্বীনকে জাতীয় সংসদে পৌঁছে দেওয়ার এটাই সবচেয়ে উপযুক্ত সময়। যারা একসময় ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন, তাদের আবারও মাঠে নেমে দেশের জন্য কাজ করতে হবে। জামায়াতের প্রতিটি কর্মীকে নির্বাচনী প্রস্তুতিতে সর্বশক্তি নিয়োগ করতে হবে।”

‘সম্প্রীতির টানে শিকড়ের পানে’ শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি অতীতের অনেক নেতার নাম উল্লেখ করে তাদের ত্যাগ ও অবদান স্মরণ করেন। তিনি বলেন, “আমাদের রাজনীতির ইতিহাসে আমিনুল ইসলাম বিমান, মুন্সী আব্দুল হালিম, আমানুল্লাহ আমান, শেখ রহমত আলী, আবুল কাশেম পাঠান এবং সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ভূমিকা এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।” স্মৃতিচারণের মুহূর্তে মিলনায়তনে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন এবং পরিচালনা করেন সেক্রেটারি রাকিব হাসান। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান, মাওলানা এমরান হুসাইন, অধ্যাপক নজিবুর রহমান ও অ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। এছাড়া প্রাক্তন নেতারাও স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “জাতীয় নির্বাচন একেবারেই ঘনিয়ে এসেছে। সংগঠন যখন যে সিদ্ধান্ত নেবে, আমাদের সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে। ব্যক্তিগতভাবে কারও বিজয় নয়, বরং আন্দোলনের বিজয়ের জন্য ত্যাগ স্বীকার করতে হবে।”

আরো পড়ুন : ১৬০টি আসন পাবে জামায়াত : সাদ্দাম

তিনি ক্ষমতাকে আল্লাহর দান উল্লেখ করে বলেন, “ক্ষমতায় কে আসবে আর কে আসবে না, সেটির মালিক আল্লাহ। তাই ক্ষমতার দম্ভ কারও জন্যই উচিত নয়।”

এ সময় তিনি পৃথিবীর ৯১টি দেশে চালু থাকা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতির কথা উল্লেখ করে বলেন, “৬-৭টি ভিন্ন ভিন্ন মডেল রয়েছে। বাংলাদেশের জন্য কোন পদ্ধতি উপযোগী হতে পারে— এ বিষয়ে খোলামেলা আলোচনা হওয়া প্রয়োজন।”

অন্যদিকে প্রধান বক্তা নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় আমাদের দাঁড়ানোর সুযোগ ছিল না, আজ সেখানে আল্লাহর কৃপায় আমরা ডাকসুতে স্থান পেয়েছি। আবার যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল বামপন্থীদের শক্ত ঘাঁটি, সেখানে আজ আমরাও শক্ত অবস্থানে রয়েছি।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন


No comments

Powered by Blogger.