পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হবে : চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার পর থেকে যে নির্বাচনী ব্যবস্থা ব্যর্থ হয়েছে, এখন সময় এসেছে সেটির পরিবর্তন করার। তিনি বলেন, “চব্বিশের ৫ আগস্টের পর আমাদের সামনে এসেছে পরিবর্তনের সুযোগ। আমরা আর সেই ব্যর্থ পদ্ধতিতে নির্বাচন চাই না। খুনি, চাঁদাবাজ ও দখলকারীদের জন্য কেউ জীবন দেয়নি।”
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের ভোটের মূল্যায়ন হবে। এতে এককভাবে সরকার গঠনের সুযোগ থাকে না, ফ্যাসিবাদী চরিত্র গড়ে ওঠে না। পিআর পদ্ধতি গুণ্ডামি, কালো টাকা আর পেশিশক্তির দৌরাত্ম্য রোধ করতে পারে। সবচেয়ে জরুরি সংস্কার হলো নির্বাচনী ব্যবস্থার সংস্কার।
তিনি আরও বলেন, “মাত্র ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট পেয়ে যারা এককভাবে ক্ষমতায় যায়, তারা সংবিধানকে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করে। সংবিধান কি তাদের মামাবাড়ির রান্নাঘর? ৪০ শতাংশ ভোট পেয়ে কি ৬০ শতাংশ ভোটারের মূল্য শূন্য হয়ে যাবে?
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল। এতে আরও বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন এবং সদস্য সৈয়দ ইউনুছ আহাম্মদ প্রমুখ।


No comments