বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে চীন: শি জিনপিং

 বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে চীন শি জিনপিং

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে বিনিময় করা এক শুভেচ্ছা বার্তায় এ কথা বলেন তিনি।

নিজ বার্তায় প্রেসিডেন্ট শি বলেন, “চীন ও বাংলাদেশ ঐতিহ্যবাহী বন্ধুপ্রতিম প্রতিবেশী, যাদের মধ্যে রয়েছে দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার ইতিহাস। গত পাঁচ দশক ধরে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি যেমনই পরিবর্তিত হোক না কেন, দুই দেশ শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। এই সম্পর্ক পারস্পরিক সম্মান, সমতা ও পারস্পরিক লাভের এক উজ্জ্বল উদাহরণ।”

তিনি আরও উল্লেখ করেন, “সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের রাজনৈতিক আস্থা আরও দৃঢ় হয়েছে, উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সহযোগিতা বিস্তৃত হয়েছে এবং সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর হয়েছে।

শি জিনপিং বলেন, “আমি বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে গুরুত্ব দিই এবং রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও শক্তিশালী করতে, পারস্পরিক উপকারে সহযোগিতা বাড়াতে এবং যৌথ উন্নয়নকে উৎসাহিত করতে প্রস্তুত— যাতে দুই দেশের জনগণ আরও বেশি উপকৃত হয় এবং বিশ্ব শান্তি ও উন্নয়নে অবদান রাখা যায়।

নিজ বার্তায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, “গত ৫০ বছরে পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে বাংলাদেশ ও চীন গভীর বন্ধুত্ব গড়ে তুলেছে, যা দীর্ঘস্থায়ী সহযোগিতার মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণে বাস্তব সুফল এনেছে।

আরো পড়ুন : বাংলাদেশ-চীনের জনগণের বন্ধুত্ব নতুন উচ্চতায়- প্রধান উপদেষ্টা

তিনি চীনের আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বৃদ্ধিতে ভূমিকার প্রশংসা করেন এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে চীনের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, দুই দেশের নেতৃবৃন্দ ও জনগণের যৌথ প্রচেষ্টায় ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও ফলপ্রসূ হবে।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন


No comments

Powered by Blogger.