পিআর পদ্ধতিতে ভোট জনগণের ক্ষমতা সীমিত করবে : মির্জা ফখরুল
প্রতিনিধিত্বমূলক অনুপাত (পিআর) পদ্ধতিতে ভোট হলে জনগণের প্রতিনিধি বেছে নেওয়ার ক্ষমতা খর্ব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, এই পদ্ধতিতে জনগণ নয়, বরং রাজনৈতিক দলই নির্ধারণ করবে কে হবে সংসদ সদস্য।
সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি তুলে আন্দোলন করার বিষয়টি যাদের কাছে দ্রুত নির্বাচন গুরুত্বপূর্ণ, তাদের কাছে এটি পরিষ্কার নয়। এই প্রক্রিয়াটি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়া উচিত— সেখানেই সিদ্ধান্ত হবে পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে হবে। এখন যদি পিআর পদ্ধতি চালু করা হয়, জনগণই বুঝবে না বিষয়টি আসলে কী।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সংসদের উচ্চকক্ষে সব ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। পাশাপাশি চার কোটি বেকারের সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে। “আমরা বিশ্বাস করি, দেড় বছরের মধ্যেই এই সংকটের সমাধান সম্ভব,” যোগ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনে জনগণ আবারও প্রমাণ করবে— বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির চেষ্টা চলছে, যদিও তা ব্যাহত করার নানামুখী অপচেষ্টা দেখা যাচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিস্টান ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফাদার আলবার্ট রোজারিও এবং সঞ্চালনা করেন বাংলাদেশ খ্রিস্টান ফোরামের সাধারণ সম্পাদক অনিল লিও কস্তা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি’ রোজারিও, কোর দি জুট ওয়াকস্-এর পরিচালক রীতা রোজলিন কস্তা, দি মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড-এর চেয়ারম্যান প্রতাপ আগষ্টিন গমেজ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকারসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন— অ্যাডভোকেট জন গমেজ, সুশীল বড়ুয়া, মাইকেল গমেজ, মৃগেন হাগিদক, পাস্টর আনোয়ার হোসেন, বাবলু ডেভিড গমেজ, চন্দন জাকারিয়াস গমেজ, লুইস গমেজ, শীতল রিবেরু, মিসেস জজলিন গমেজ, স্বপন হালদার, পেপিলন পিউরিফিকেশনসহ আরও অনেকে।
আরো পড়ুন:পিআর নিয়ে আন্দোলন-ভোট বিলম্বই মূল উদ্দেশ্য: মির্জা ফখরুল
Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন


No comments