৪৭তম বিসিএস প্রিলির ফল ৯ দিনে: প্রার্থীরা উচ্ছ্বসিত
| বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)ফাইল ছবি |
এবার ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আনন্দে ভাসছেন অনেক পরীক্ষার্থী। ঢাকা কলেজের শিক্ষার্থী শুভ সরকার বললেন, ‘প্রিলিমিনারি পাস করায় সত্যিই ভীষণ উচ্ছ্বসিত। প্রথম ধাপ পার করতে পেরে আত্মবিশ্বাস বেড়েছে। আশা করি সামনে আরও ভালো কিছু হবে।’
গত রোববার রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফলাফল প্রকাশ করে। প্রিলিমিনারি পরীক্ষার মাত্র ৯ দিনের মধ্যে ফল ঘোষণা হওয়া চাকরিপ্রার্থীদের কাছে ইতিবাচক চমক হিসেবে ধরা দিয়েছে। এবার উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন। ঢাকাসহ আটটি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে ১৯ সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। অংশ নিয়েছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী।
চাকরিপ্রার্থীরা বলছেন, দ্রুত ফল প্রকাশের ফলে একদিকে উত্তেজনা ও অনিশ্চয়তা কমেছে, অন্যদিকে লিখিত পরীক্ষার জন্য পরিকল্পিত প্রস্তুতি নেওয়ার বাড়তি সময় মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বকুল মিয়া বলেন, ‘ফলাফল দ্রুত পাওয়ায় আমরা উৎসাহিত হয়েছি। এখন লিখিতের প্রস্তুতি শুরু করতে পারব আরও আগে থেকে। প্রতিদিনের ছোট ছোট অনুশীলন ও মক টেস্ট আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।’
আরও পড়ুন...
খাগড়াছড়ির সিঙ্গিনালা ঘটনায় নিহত তিনজনের পরিচয় দিল পুলিশ
একজন চাকরিপ্রার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ফল দ্রুত প্রকাশ হওয়ায় আশা করছি, অন্যান্য ধাপও দ্রুত সম্পন্ন হবে। পিএসসি যদি প্রতিশ্রুতি অনুযায়ী এক বছরের মধ্যে একটি বিসিএস শেষ করতে পারে, তবে সেটা হবে দারুণ বিষয়।’
পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানান, বর্তমানে ছয়টি বিসিএসের কার্যক্রম চলছে। ৪৪তম বিসিএসের ফল প্রকাশ হয়েছে, ৪৫তম সাধারণ বিসিএস ও ৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ, আর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি ফল প্রকাশ হলো। পাশাপাশি ৪৯তম বিশেষ বিসিএসের কাজও চলছে। তিনি বলেন, ‘আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা পেলে এক বছরে একটি বিসিএস শেষ করা সম্ভব।’
দ্রুত ফল প্রকাশ প্রার্থীদের আত্মবিশ্বাস জোগাচ্ছে এবং লিখিত পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী করছে। প্রার্থীরা সিলেবাস সাজিয়ে পড়াশোনা শুরু করেছেন, আগের প্রশ্নপত্র বিশ্লেষণ করছেন এবং সময় ব্যবস্থাপনা ও মানসিক দৃঢ়তাকে গুরুত্ব দিচ্ছেন।
সব মিলিয়ে, দ্রুত ফল প্রকাশ নতুন করে আশার আলো জ্বালিয়েছে প্রার্থীদের মনে। প্রিলিমিনারি পাসের আনন্দ এখন লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতিতে রূপ নিচ্ছে।

No comments