গৎবাঁধা রাজনীতির দিন শেষ, এখন দরকার নতুন দৃষ্টিভঙ্গি : আমীর খসরু


গৎবাঁধা রাজনীতির দিন শেষ, এখন দরকার নতুন দৃষ্টিভঙ্গি : আমীর খসরু


বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে এখন ভিশন ও দূরদৃষ্টি অপরিহার্য। গৎবাঁধা রাজনীতির যুগ শেষ, নতুন ধারণা ও দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকায় মহানগর উত্তর বিএনপি আয়োজিত ‘জিয়া সুইং মিন কার্নিভালে’ বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাজনীতিতে যে পরিবর্তন এসেছে, তা মেনে নিতে হবে। জনগণ বিএনপিকে একটি আদর্শিক দল হিসেবে দেখতে চায়। আমরা যদি তা ধারণ করতে ব্যর্থ হই, তবে দেশ গড়ার দায়িত্ব পালন করা সম্ভব হবে না।”

তিনি বলেন, জনগণকে অনুপ্রাণিত করতে নতুন নতুন ধারণার প্রয়োজন, বিশেষ করে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। মানুষের মনোজগতে বড় পরিবর্তন ঘটছে, সেটি গ্রহণ করতে না পারলে ভবিষ্যতের রাজনীতি টিকবে না।

রাজনীতিকে গণতান্ত্রিক করার পাশাপাশি খেলাধুলাকেও গণতান্ত্রিক করার ওপর গুরুত্ব দেন আমীর খসরু। তার মতে, দেশের প্রতিটি নাগরিক যাতে খেলাধুলায় অংশ নিতে পারে, সেই সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছি একটি নতুন বাংলাদেশ গড়ার। এখানে রাজনীতি যেমন গণতান্ত্রিক হবে, অর্থনীতিও হবে গণতান্ত্রিক। এমন একটি অর্থনীতি গড়ে তোলা হবে যেখানে সবার অংশগ্রহণ থাকবে এবং প্রতিটি মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারবে।”

তারেক রহমান ও তার পরিবারের খেলাধুলার প্রতি আগ্রহের প্রসঙ্গ টেনে বিএনপির এ নেতা জানান, সুইমিং, ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যেই শুরু হয়েছে। দেশের প্রতিটি অঞ্চলে স্পোর্টস সেন্টার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী সবাই খেলাধুলায় অংশ নিতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে বিশ্বমঞ্চে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সঞ্চালনা করেন সদস্য সচিব মোস্তফা জামান।

No comments

Powered by Blogger.