অক্টোবরেই দুই শতাধিক আসনে প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে বিএনপি
অক্টোবরেই দুই শতাধিক আসনে প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে বিএনপি, পক্ষে কাজ না করলে আসবে বহিষ্কার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক একক প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। দুই শতাধিক আসনে প্রার্থী নির্ধারণ শেষে এ মাসের তৃতীয় সপ্তাহে তাদের গণসংযোগে নামার নির্দেশনা দিতে যাচ্ছে দলটি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আসনভিত্তিক বিরোধ মেটাতে সিরিজ বৈঠকের পর একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ না করলে আসবে বহিষ্কার।”
এদিকে এক সময়ের মিত্র জামায়াতে ইসলামী এখন বিএনপির অন্যতম প্রতিদ্বন্দ্বী। মাঠে আন্দোলনের পাশাপাশি নিজেরা আসনভিত্তিক প্রার্থী ঘোষণা করে গণসংযোগ শুরু করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “যার সঙ্গে গণসম্পৃক্ততা আছে, তাকে বাছাই করা সহজ নয়। তাড়াহুড়া করে ঘোষণা দিলে বুঝতে হবে সংগঠন এখনও শক্তিশালী হয়নি। আমাদের তো গণভিত্তিক দল।”
প্রতিটি আসনে গড়ে চারজন করে প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সেপ্টেম্বরজুড়ে তাদের সাক্ষাৎকার নিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও জেলা-উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং জরিপের মাধ্যমে প্রার্থী বাছাই করেছেন। এভাবে দলটি এখন পর্যন্ত প্রায় ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে।
যেসব আসনে বিদ্রোহী প্রার্থীর আশঙ্কা রয়েছে, সেখানে তফসিল ঘোষণার আগ পর্যন্ত দল কৌশলী অবস্থান নেবে বলে জানানো হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, “সবাই যেন একসাথে কাজ করে—সেটা নিশ্চিত করতে আমরা আলাপ করছি। একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দিয়ে মাঠে পাঠানোর কাজ এ মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই শেষ হবে।”
২০১৮ সালের নির্বাচনে এক আসনে একাধিক মনোনয়ন দিয়ে সমালোচনার মুখে পড়ে বিএনপি। এবার তাই শুরু থেকেই সতর্ক দলটি। দক্ষ সংগঠক, আন্দোলনে সক্রিয়, ও সামাজিকভাবে গ্রহণযোগ্য নেতারাই অগ্রাধিকার পাচ্ছেন। তরুণদেরও গুরুত্ব দেয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন শীর্ষ নেতারা।
আরো পড়ুন : দ্রুতই দেশে ফিরব, নির্বাচনে অংশ নেব — বিবিসি বাংলাকে তারেক রহমান
রুহুল কবির রিজভী বলেন, “আন্দোলনে ভূমিকার পাশাপাশি জনগণের মধ্যে প্রার্থীর ভাবমূর্তিও বিবেচনায় আসবে।”
এদিকে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য আসন ছাড়ের বিষয়েও বিএনপি দ্রুত সিদ্ধান্ত নিতে চায়। মিত্রদের কাছে তালিকা চেয়ে পাঠানো হয়েছে। নীতিগতভাবে সর্বোচ্চ ৫০টি আসন ছাড় দেয়ার প্রস্তুতি থাকলেও, তা ঘোষণা করা হবে তফসিলের আগে।


No comments