স্টার্কের পথ ধরে বোলিংয়ে ঝলক দেখাচ্ছেন মারুফা

স্টার্কের পথ ধরে বোলিংয়ে ঝলক দেখাচ্ছেন মারুফা

 

আইসিসির ভিডিওতে স্টার্কের ছায়ায় মারুফা

আইসিসির ফেসবুক পেজে গতকাল সন্ধ্যায় প্রকাশিত একটি ভিডিও দুই ঘণ্টারও কম সময়ে পেরিয়েছে ১০ লাখ ভিউ। সেখানে পাশাপাশি দেখানো হয়েছে দুটি মুহূর্ত—একটি ১৩ বছর আগের, আরেকটি একেবারে টাটকা।

সাম্প্রতিক ক্লিপে বাংলাদেশের মারুফা আক্তারের দুর্দান্ত ইনসুইংয়ে পাকিস্তানের সিদরা আমিন বোল্ড হন মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে। পুরোনো ক্লিপে দেখা যায় ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে একই ধরনের ডেলিভারিতে রোহিত শর্মাকে বোল্ড করেছিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

দুই বলের এই আশ্চর্য মিল নিয়েই ক্রিকেটপ্রেমীরা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে মেতে আছেন।

এই অস্ট্রেলিয়ান পেসারকে আদর্শ মেনে উড়ছেন মারুফা, ওড়াচ্ছেন বাংলাদেশের নারী দলের বোলিং বিভাগের ঝাণ্ডা। ওই ভিডিওতে স্টার্ককে আদর্শ মানা মারুফা বলেন, ‘স্টার্ক আমার অনেক পছন্দের বোলার। তাঁর সুইং করানোর দক্ষতা আমি অনুসরণ করি। সেটা আমাকে অনুপ্রাণিত করে।

নিজেকে বলি, মারুফা, তুইও পারিস!’

গতকাল কলম্বোয় পাকিস্তানি ব্যাটারদের একেবারেই সুবিধা করতে দেননি বাংলাদেশের বোলাররা। প্রতিপক্ষকে অলআউট করে মাত্র ১২৯ রানে। এমন দাপটের ছন্দ গেঁথে দেন মারুফা। ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন তিনি। প্রথমে ফেরান ওপেনার ওমাইমা সোহাইলকে।

ওভার দ্য উইকেট থেকে ছোড়া আদর্শ থ্রি-কোয়ার্টার লেংথ বল দারুণ সুইংয়ে ভেঙে দেয় স্টাম্প। পরের বল আরও চোখ-ধাঁধানো—গুড লেংথে পড়ে ইনসুইংয়ের পর সিমের ভেতরে ঢোকা মুভমেন্টে পরাস্ত হয়ে শূন্য রানে ফেরেন পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ সিদরা আমিন। অথচ এবারের বিশ্বকাপে তাঁকে ভরসা করেছিলেন বিশ্লেষকেরা; সর্বশেষ তিন ওয়ানডেতে তাঁর ছিল দুটি সেঞ্চুরি ও একটি ফিফটি।

মারুফার দুর্দান্ত শুরুর পর বাংলাদেশি বোলাররা একে একে সফল হন। ৩৪ ওভারে পাকিস্তানকে গুটিয়ে দেন অধিনায়ক নিগার সুলতানা ব্যবহার করা ছয় বোলারই। লেগ স্পিনার স্বর্ণা আক্তার মাত্র ৫ রান দিয়ে নেন ৩ উইকেট, বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৮ ওভারে ১৯ রান দিয়ে নেন ২ উইকেট। ম্যাচ শেষে নাহিদা বলেন, ‘প্রত্যেক বোলারই পরিকল্পনা অনুযায়ী বল করেছে। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো, বুঝেশুনে খেলতে পারলে সহজেই লক্ষ্য অর্জন সম্ভব।’

ভারতের ট্রফি নিতে অস্বীকৃতি, ক্ষোভে ফুঁসছেন সালমান আঘা

ব্যাটাররাও সেই লক্ষ্য পূরণ করেছেন। ফলে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সাফল্যের নেপথ্যে সবচেয়ে বেশি আলো কাড়ছেন মারুফা আক্তার, যিনি বিশ্বকাপের আগে পড়াশোনার কারণে নিয়মিত প্রস্তুতি নিতে পারেননি। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফাঁকে যতটুকু সময় পেয়েছেন, তাতেই নিজেকে ঝালিয়ে নিয়েছেন। এখন মাঠে প্রতিপক্ষ ব্যাটারদের দিচ্ছেন কঠিন পরীক্ষা।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন


No comments

Powered by Blogger.