নিখোঁজ হওয়ার এক দিন পর খালে মিলল রাজমিস্ত্রির লাশ।

নিখোঁজ হওয়ার এক দিন পর খালে মিলল রাজমিস্ত্রির লাশ।

 লক্ষ্মীপুরে নিখোঁজের এক দিন পর খাল থেকে ইউছুফ হোসেন (৪৫) নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন।


শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দালাল বাজার-পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এর আগে সাড়ে ৯টার দিকে স্থানীয় এক যুবক মাছ শিকার করতে গিয়ে বাঁশ গাছের নিচে লাশটি দেখতে পেয়ে সবাইকে খবর দেয়।

নিহত ইউছুফ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গৌপীনাথপুর গ্রামের হাবিব উল্যাহ হাজীর ছেলে আবুল কাশেমের ছেলে।

স্থানীয় বাসিন্দা কাইয়ুম হোসেন বলেন, “আমি টেঁটা দিয়ে খালে মাছ ধরতে গিয়েছিলাম, তখন ইউছুফ কাকার লাশ বাঁশ গাছের নিচে পড়ে থাকতে দেখেছি এবং সবাইকে জানিয়েছি।”

নিহত ইউছুফের ছেলে মো. শাকিল জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাবার সঙ্গে বাড়ির সামনে শেষ কথা হয়েছে।

এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে এসে দেখি খালে তার মরদেহ পড়ে আছে। পা গামছা দিয়ে বাঁধা ছিল। এটি পরিকল্পিত হত্যা।

আমাদের পারিবারিক জমি বন্টন নিয়ে চাচাদের (নিহতের ভাই) সঙ্গে বিরোধ রয়েছে। এ ছাড়া আর কারো সঙ্গে বাবার কোনো বিরোধ নেই। 

নিহতের স্বজন সদর উপজেলা জামায়াতের আমীর হুমায়ুন কবীর বলেন, ইউছুফ আমার ভগ্নিপতি। তার নিখোঁজের বিষয়টি আমার জানা ছিল না। এখন তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তার ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, ওই বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


No comments

Powered by Blogger.